ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান

মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান
মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান | ছবি: এখন টিভি
0

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুরে কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। এসময় সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

ঈদের সময় ফিটনেসবিহীন অনিরাপদ ও পুরোনো বাস যাতে মহাসড়কে চলতে না পারে, সে লক্ষ্যেই শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপি।

গাবতলীর কয়েকটি ওয়ার্কশপ ঘুরে দেখা যায়, বাসে রঙ করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত কর্মীরা। পুলিশের তথ্যমতে এসব কারখানায় পুরোনো গাড়ি মেরামত করা হয়।

তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি।

সংশ্লিষ্ট কর্মচারী ও বাস ওয়ার্কশপের মালিক জানান, যাত্রীদের ক্ষতি হয় এমন ভাঙাচুরা বাসের কাজ করেন না তারা। তাদেরই কেউ কেউ আবার বলছে তুরাগে হয় ফিটনেসবিহীন বাসের মেরামত।

বাস ওয়ার্কশপ মালিক মো. ফায়জুল ইসলাম বলেন, ‘একটা প্রাইভেট বাংলাদেশে এসে ৩০ বা ৪০ বছর চলে তার কোনো ফিটনেস নাই। কিন্তু বড় গাড়িগুলোর কেন ফিটনেসের সমস্যা হইছে।’

আরও পড়ুন:

ওয়ার্কশপের শ্রমিকদের মধ্যে একজন বলেন,‘এখানে হয় না, এগুলো সব তুরাগে হয়। এখানে সব নতুন গাড়ির কাজ করা হয়, এখানে কোনো পুরোনো গাড়ির কাজ করা হয় না।’

পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা।

এসময় বাড়তি ভাড়া আদায় হচ্ছে কি না, নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখেন তারা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘রাস্তায় যেন কোনো আনফিট বাস চলাচল করতে না পারে দূরপাল্লায়। আর আমাদের কাছ থেকে স্পষ্ট ম্যাসেজ হচ্ছে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে। যে ভাড়া বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেটাই যেন আদায় করা হয়।’

এবারের ঈদ যাত্রা দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও আনন্দময় করার প্রত্যয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

এসএস