বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন এবং ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। শুভেচ্ছা বক্তব্য ও অটোমেশন কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন দেন ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি এবং হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভাইস-চ্যান্সেলর ওপিডি-২ এ ফিতা কেটে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন:

নতুন এই ব্যবস্থার মাধ্যমে রোগীরা একই স্থানে প্রয়োজনীয় পরীক্ষার ফি জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে নমুনা দিতে পারবেন। ফলে রোগীদের ভোগান্তি কমবে, দ্রুত সময়ে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এবং অনলাইনে রিপোর্ট দেখার সুবিধাও থাকবে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং চিকিৎসা খাতকেও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। সেবার গুণগত মান বাড়াতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ল্যাবরেটরির স্বীকৃতি অর্জনেও সহায়ক হবে এবং রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে।’

তিনি আরও বলেন, ‘আধুনিক যুগে চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও অপরিহার্য হয়ে উঠেছে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সংশ্লিষ্টদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

অন্যান্য বক্তারা বলেন, ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। নির্ভুল চিকিৎসার জন্য উন্নত ল্যাবরেটরি সেবার বিকল্প নেই। এরইমধ্যে বিএমইউয়ের বহির্বিভাগে অনলাইনে টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুবিধা চালু হয়েছে এবং লক্ষাধিক রোগী এই সেবা গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমও অটোমেশনের আওতায় আনা হবে বলে তারা জানান।

এসএস