শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুটি গন্তব্য শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি আগামী ১৩ এপ্রিল থেকে শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে আবুধাবি রুটে ফ্লাইট চালু করবে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারজাহ রুটে সপ্তাহে চার দিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করা হবে। এদিনগুলোতে রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে শারজাহের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

অন্যদিকে আবুধাবি রুটে সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। শনি ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে সরাসরি আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। একই দিনে চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সরাসরি আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও পড়ুন:

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

এছাড়া ঢাকা থেকে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ফ্লাইট চালু আছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

টিকিট সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০–৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসএস