দেখতে দেখতে বিদায় নিলো ১৮ রমজান। আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই নতুন জামা, রং বেরঙের বাহারি ডিজাইনের নতুন পোশাক।
ঈদ যতই ঘনিয়ে আসছে পছন্দের জামা-কাপড় কিনতে রাজধানীর শপিংমল গুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলেও মূলত ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে মার্কেটগুলো।
রাজধানীর অন্যান্য মার্কেটগুলোর মতো গুলশানের অভিজাত শপিং মলগুলোতেও পরিবার-পরিজন নিয়ে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী ঈদের কেনাকাটা সারছেন ক্রেতারা। দাম নিয়ে খুব একটা অভিযোগ না থাকলেও পছন্দের রং ও সাইজ নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
ক্রেতাদের একজন বলেন, ‘এবছর ঈদে হালকা শীতের ভাব থাকছে, পুরোপুরি গরমও পরছে না। তাই স্টাইলিশ জামার পাশাপাশি কমফোর্টেবল জামাও খুঁজছি।’
আরও পড়ুন:
দিনভর ক্রেতাদের সামনে এসব পোশাক উপস্থাপন করতে ক্লান্তি নেই দোকানিদের। গুলশান এলাকা মানেই পণ্যের অতিরিক্ত দাম নয়, বরং মানুষের চাহিদা মতো দোকানে বিভিন্ন দামের পোশাক রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
বিক্রেতাদের একজন বলেন, ‘আমার দোকানে ১২ হাজার টাকার জামা আছে। আবার ২০ হাজার টাকারও জামা রয়েছে।’
বিদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশিয় সুতি পোশাক। গরমে আরামের কথা চিন্তা করে হালকা রঙ ও কাজের জামাকাপড়ই এবার নজর কাড়ছে ক্রেতাদের।





