দু’একটি ছাড়া দেশের প্রায় প্রতিটা ফেডারেশনই তীব্র অর্থ সংকটে জর্জরিত। যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হন দেশের অ্যাথলেটরা। শুধু বিদেশের মাটিতে নয়, ঘরের মাঠেও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হয় দেশের ফেডারেশনগুলো।
এবার আর্থিক সংকট নিরসনে যুব এবং ক্রীড়া মন্ত্রণায়ের কাছে এক যুগান্তকারী প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি (বিওএ)। প্রত্যেক ফেডারেশনের জন্য বড় অঙ্কের স্থায়ী বরাদ্দ চেয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া ফেডারেশনগুলোর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্যা উত্তরণে ইনডোর সুবিধা এবং স্পোর্টস ভিলেজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিওএ সভাপতি।
আরও পড়ুন:
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াকার-উজ-জামান বলেন, ‘প্রত্যেকটা খেলার জন্য ৩০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে দেন। ফলে এ অর্থ দিয়ে ফেডারেশনগুলোর বিভিন্ন ব্যায় ভার বহন করা সহজ হবে। আর আর্মি স্টেডিয়ামের পাশে একটা ইন্ডোর স্টেডিয়াম করার পরিকল্পনা নেয়া হয়েছে। সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে।’
এদিকে ক্রীড়ার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য আমি অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা প্রত্যেকটি ফেডারেশনকে অর্থের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই।’
দেশের পুরুষ ক্রীড়াবিদদের পাশাপাশি নারীদের সাফল্য অনুযায়ী তাদের সুযোগ-সুবিধা বাড়াতে নজর দেয়ার কথা জানান ক্রীড়া সংশ্লিষ্টরা।





