কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালনের দোল উৎসব; থাকছে না গ্রামীণ মেলা

কালশুরু হচ্ছে লালনের দোল উৎসব
কালশুরু হচ্ছে লালনের দোল উৎসব | ছবি: এখন টিভি
3

কুষ্টিয়ায় বাউল শিরোমণি ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে আগামীকাল (সোমবার, ২ মার্চ) শুরু হচ্ছে দোল উৎসব। তবে অন্যান্য বছরের মতো এবার আর সাড়ম্বরে নয়, সংক্ষিপ্ত পরিসরে পালিত হচ্ছে এ ঐতিহ্যবাহী আয়োজন। তাই এবারের আয়োজনে থাকছে না গ্রামীণ মেলা আর লাখো ভক্ত আর দর্শনার্থীদের পদচারণা।

আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই তার জীবদ্দশায় দোলপূর্ণিমার রাতে তার ভক্ত-শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধুসঙ্গে। সাঁইজির দেহত্যাগ করার পর থেকে সেই রেওয়াজ ধরে রেখেছেন তার ভক্ত-অনুরাগীরা।

সোমবার দোলপূর্ণিমা, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়ায় অনুষ্ঠিত হবে দোল উৎসব। তবে অন্যান্যবারের মতো এবারের আয়োজনে থাকছে না আড়ম্বর। আখড়াবাড়ি আঙিনায় হচ্ছে না গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দর্শনার্থীরা জানান, এ পরিবেশটি অনেক সুন্দর। এখানে থেকে যাওয়ার সময় অনেক আনন্দ নিয়ে যায় তারা।

আরও পড়ুন:

শুধুমাত্র ভক্ত-অনুসারীরা তাদের রীতি অনুযায়ী পালন করবেন এ উৎসব। রমজানের কারণে লালন অ্যাকাডেমি সংক্ষিপ্ত করেছে অনুষ্ঠান। শুধুমাত্র সাধুসঙ্গের মধ্য দিয়েই শেষ হবে উৎসব। তবে এবারের আয়োজন বড় পরিসরে না হলেও খুব একটা আক্ষেপ নেই সাধুভক্তদের। সাধুসঙ্গের আয়োজনটাকেই প্রাধান্য দিচ্ছেন তারা।

লালন অনুসারীরা জানান, এ উৎসবের মাধ্যমে লালন সাঁই ও কুষ্টিয়াকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরা হয়। তাছাড়া অনেকের সঙ্গে দেখা হবে।

উৎসব পালনে এরই মধ্যে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা আখড়াবাড়ি আঙিনায় খণ্ডখণ্ড আসন গেড়ে বসে গানে গানে প্রচার করছেন। লালনের জাতপাতহীন মানবতার অহিংস দর্শন বলে জানান তার ভক্তরা।

কুষ্টিয়া লালন আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান রিপন বলেন, ‘প্রতিবছর এখানে তিন দিন মেলা হতো। এবার রমজানের কারনে কোনো গান বাজনা হবে না, কোনো মেলা হবে না। শুধু দিনটা পালন করা হবে।’

সাদামাটা আয়োজনে তাই এবার লাখো ভক্তানুরাগীদের চিরচেনা পদচারণা দেখা যাবে না কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে।

জেআর