Recent event

দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন তারেক রহমান
বক্তব্য রাখছেন তারেক রহমান | ছবি: প্রধানমন্ত্রীর অফিস
0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে রাজনীতিকদের দিকে তাকিয়ে রয়েছে। আগামী দিনের কাজগুলো যেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেলে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা তাদের স্বাগত জানান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জামায়াতে ইসলামীর আমিরসহ সবাইকে ধন্যবাদ দেন তাকে দাওয়াত দেয়ার জন্য।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ একযুগেরও বেশি সময় অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্রে যাত্রার সুযোগ পেয়েছি।’

তারেক রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রের চর্চার সুযোগ পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আল্লাহর কাছে রহমত চাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার রহমত আল্লাহ যেন আমাদের দেন।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

এএইচ