Recent event

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

শহিদদের জন্য দোয়া করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিন বাহিনীর প্রধান
শহিদদের জন্য দোয়া করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিন বাহিনীর প্রধান | ছবি: আইএসপিআর
0

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদায় পালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দিনটি উপলক্ষ্যে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন; প্রধানমন্ত্রী তারেক রহমান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ।

আরও পড়ুন: আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

উল্লেখ্য, দেশের সশস্ত্র বাহিনীর মসজিদসমূহে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এএম