ঝাড়খণ্ড রাজ্যে সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি ঝাড়খণ্ডের রাচি থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ছাতরার ডিসি কীর্তিশ্রী জি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা সাত আরোহীর সবাই এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানটি রাচি থেকে দিল্লির পথে ছিল।”
রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের পরিচালনাধীন বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাচি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।
কীর্তিশ্রী জি জানান, প্রায় সাড়ে ৭টার দিকে বিমানটি নিখোঁজ হয় আর পরে সিমারিয়ার কাছে গভীর বনে আচ্ছাদিত বারিয়াতু পঞ্চায়েত এলাকায় বিধ্বস্ত হয়। মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) জানান, সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা জানান, বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন ওই এলাকায় প্রবল বাতাস, ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। ঝড়ো আবহাওয়ার মধ্যে বিকট শব্দের সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়।





