Recent event

জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে: মন্ত্রী রবিউল

মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান
মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান | ছবি: সংগৃহীত
0

জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীস্থ সেতু ভবনের সম্মেলনকক্ষে এবং পরবর্তীতে সচিবালয়স্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সভাগুলোতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ এবং সার্বিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মন্ত্রী শেখ রবিউল আলম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘চলমান জনকল্যাণমুখী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে ও প্রজ্ঞা নিয়ে করে যেতে হবে।’

আরও পড়ুন:

তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

বর্তমান সরকার গণমানুষের সরকার আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশমাতৃকার জন্য কাজ করতে হবে। সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস