Recent event

ভোট গণনা দেরির নামে সুযোগ নেয়ার চেষ্টা প্রতিহতের আহ্বান তারেক রহমানের

কথা বলছেন তারেক রহমান
কথা বলছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট গণনা দেরির নামে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ‘এবার নাকি ভোট গণনা করতে সময় লাগবে—এমন নতুন গল্প শোনা যাচ্ছে। যদি কেউ ভোট গণনা দেরির নামে কোনো সুযোগ নিতে চায়, জনগণকে তা প্রতিহত করতে হবে।’

আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘চব্বিশের পর জনগণ প্রত্যাশা করেছিল, রাজনৈতিক দলগুলো জনগণের মান-মর্যাদা অক্ষুণ্ন রেখে রাজনীতি করবে।’ কিন্তু একটি রাজনৈতিক দল মা-বোনদের নিয়ে কটূক্তি শুরু করেছে এবং নারীদের ঘরে বন্দী রাখার চিন্তা প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গতকাল একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন। পরে দাবি করা হয়েছে, তার আইডি হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হ্যাক হয়নি। নির্বাচন সামনে রেখে জনগণের সামনে মিথ্যাচার করা হচ্ছে।’

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালেই প্রমাণ হয়েছে, মা-বোনদের প্রতি এদের কোনো দরদ নেই। সেই সময় তাদের ভূমিকার কারণে লাখ লাখ মা-বোন সম্মান হারিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে, কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে, তারা কখনোই দেশদরদী বা জনদরদী হতে পারে না।’

আরও পড়ুন:

বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাতকে মিথ্যাচার উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। যারা অবলীলায় মিথ্যা বলে, তারা কখনো দেশের মঙ্গল করতে পারে না।’

তারেক রহমান বলেন, ‘তাদের দলের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যান। সেই নারী কর্মীদের বলতে চাই—আপনাদের নেতারা দেখুন, কী ধরনের নোংরা ভাষা ব্যবহার করেন।’

ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা বলে ইসলাম কায়েম করবে। অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী। ১৯৭১ সালেও এই দলটির পূর্বসূরীরা মা-বোনদের অসম্মান করেছে। এদের কাছে নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ‘নির্বাচন বানচাল করতে তারা উঠেপড়ে লেগেছে। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।’

তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর জবাব দেয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন, ইনশা আল্লাহ।’

এনএইচ