Recent event

সাবেক এমপি শফিউল ইসলামের তিনদিনের রিমান্ড

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় গ্রেপ্তার ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আল মাহমুদ শরীফ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তার তিন রিমান্ডের আদেশ দেন।

গত ৮ জানুয়ারি ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা। এরপর এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরে গুলিতে নিহত হন ভিকটিম রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭নং এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন শফিউল ইসলাম।

এসএস