নিজ দেশে সমর্থকদের ভালোবাসায় সিক্ত সালাহরা

মিশরের ফুটবলারদের বিমানবন্দরে বরণ করে নিয়েছেন নিজ দেশের সমর্থকরা
মিশরের ফুটবলারদের বিমানবন্দরে বরণ করে নিয়েছেন নিজ দেশের সমর্থকরা | ছবি: সংগৃহীত
0

বিতর্কিত রেফারিংয়ে বুকে ক্ষোভ নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষে দেশে ফিরেই বীরের সম্মান পেয়েছে মিশর। বিমানবন্দরে সালাহ-জিকোদের বরণ করে নিতে নামে হাজারো মানুষের ঢল। আর একই সাথে আকাশভরা স্লোগানে ওঠে ন্যায্য বিচারের দাবিও।

আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত রেফারিংয়ে স্বপ্নভঙ্গ হলেও বীরের বেশেই দেশে ফিরেছে মিশর। বিশ্বকাপের শেষ ষোলোয় নাটকীয় বিদায়ের পরও প্রিয় দলকে বরণ করে নিতে শুক্রবার (১০ জুলাই) নিউ আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক।

উত্তর আমেরিকা থেকে ফেরার পর বিমানবন্দর থেকে খোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে মিশর দল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ করতালি আর উল্লাসে তাদের অভিনন্দন জানায়। অনেকের হাতে ছিল সালাহর ছবি, আবার কেউ বহন করছিলেন কোচ হোসাম হাসানের পোস্টার।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়েও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে বিদায় নেয় ফারাওরা। তবে সমর্থকদের দাবি, সেই হারের পেছনে বড় কারণ ছিলো বিতর্কিত রেফারিং।

আরও পড়ুন:

এক সমর্থক বলেন, ‘আমার বয়স ৫২, আগে কখনও ফুটবল নিয়ে আমার আগ্রহ ছিলো না। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে আমাদের দলের সঙ্গে অবিচার হয়েছে। ছেলেরা দারুণ খেলেছে কিন্তু প্রাপ্যটা পায়নি। তাই অনেক দূর থেকে এসেছি শুধু এটা জানাতে যে, তোমরা মিশরকে গর্বিত করেছো।’

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম জয়ের স্বাদ পায় মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে বিদায় করে তারা জায়গা করে নেয় শেষ ষোলোতে। আর সেই ঐতিহাসিক যাত্রার স্বীকৃতি দিতেই দলটির প্রতি ভালোবাসা উজাড় করে দেন সমর্থকরা। একই সঙ্গে রেফারিংয়ের বিরুদ্ধে ক্ষোভও জানান তারা।

আরেক সমর্থক বলেন, ‘আমাদের সঙ্গে স্পষ্ট অন্যায় করা হয়েছে, যা পুরো বিশ্বের সামনেই ঘটেছে। গোটা বিশ্বই এর সাক্ষী। আমাদের বীরদের ধন্যবাদ জানাতেই আমরা এখানে এসেছি, যারা সেখানে মিশরের মুখ উজ্জ্বল করেছে। মিশর দীর্ঘজীবী হোক।’

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কোচ হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তিও নবায়ন করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সমর্থকদের প্রত্যাশা, বিতর্কিত বিদায়ের ক্ষোভ ভুলে আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে ফারাওরা।

এসএইচ