জাপান দিয়েই শেষ হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ মিশন!

জার্মান গণিতবিদের ভবিষ্যদ্বাণী

মাঠ ছাড়ার মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলার এন্দ্রিক ও ভিনিসিয়াস
মাঠ ছাড়ার মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলার এন্দ্রিক ও ভিনিসিয়াস | ছবি: সংগৃহীত
0

উত্তর আমেরিকার মাঠেও হচ্ছে না ব্রাজিলের ৬ শিরোপার স্বপ্নপূরণ—এমনই ভবিষ্যদ্বাণী করেছেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তার মতে, শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা। অন্যদিকে, সুপারকম্পিউটার বলছে, জাপানের বিপক্ষে বেশ সহজ জয় তুলে নেবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গ্রুপপর্বের সব ম্যাচে দলের কোনো ফুটবলার গোল করলে, সেই বিশ্বকাপটাই জিতে আসে ব্রাজিল— এমন নজির এর আগে অন্তত ৩ বার দেখেছে ফুটবল দুনিয়া।

চলতি বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য পারফরম্যান্সের পর অতীত টেনে নিয়েই বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে সেলেসাওরা। কিন্তু ব্রাজিলের সামনে পথ খুব একটা সহজ হচ্ছে না। নকআউটের শুরুতেই তাদের সামনে চোখ রাঙাচ্ছে ফর্মে থাকা জাপান। আর এই ম্যাচ নিয়েই যত জল্পনা-কল্পনা।

জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী বলছে, হাজিমে মরিয়াশুর দলের কাছেই হারতে হবে ব্রাজিলকে। এর আগে তিন বিশ্বকাপে নিজের মডেল দিয়ে সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন তিনি। চলতি বছরেও ব্রাজিল জাপানের মুখোমুখি হওয়ার কথা আগেই বলেছিলেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, সেলেসাওদের বিদায়ঘণ্টা বাজাবে জাপানই। নকআউট ফিকশ্চার নিশ্চিতের পর স্বাভাবিকভাবেই ক্লেমেন্টের মন্তব্যে উঠেছে ঝড়।

অবশ্য ব্রাজিলকে আশাবাদী করতে পারে অত্যাধুনিক প্রযুক্তির সুপার কম্পিউটার। ফুটবলের ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার গণনা জানিয়েছে, ৯০ মিনিটের মাঝেই জাপানকে টপকে ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিনে যাবে এই সম্ভাবনা ৫৭ দশমিক ৭ শতাংশ। আর ব্রাজিলকে জাপান হারাতে পারে সেই সম্ভাবনা মোটে ১৯ দশমিক ৩ শতাংশ।

যদিও সম্ভাব্যতার এই অঙ্কের চূড়ান্ত নিষ্পত্তি হবে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে। হাজিমে মরিয়াশুর দল বিশ্বকে কতটা চমক দেখাতে পারে, সেটারই অপেক্ষায় ফুটবল দুনিয়া।

এসএইচ