বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ড্র। পরের পর্বে যাওয়ার স্বপ্নে শুরুতেই ধাক্কা খাওয়ার পাশাপাশি ছিল সতীর্থদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর দূরত্ব নিয়ে গুঞ্জন। সেই সাথে জাতীয় দলের হয়ে শেষ ১০টি প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোলের খরা। সবকিছুর উত্তর দিতে যেন উজবেকিস্তানকেই বেছে নিলো পর্তুগাল, বলা ভালো রোনালদো।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই রোনালদোর গোলে পর্তুগালের লিড। সেই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েন সিআর সেভেন। পেছনে ফেলেন পাঁচ বিশ্বকাপে গোল করা মেসিকে। দ্বিতীয় গোলে ছিল তার বুদ্ধির খেলা। ১৭ মিনিটে পাওয়া ফ্রি কিকে রোনালদো শট নেবেন, এমনই ভেবেছিলেন সবাই। তবে তার ডামিতে সবাইকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করে করেন নুনো মেন্ডেস।
৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। এর মাধ্যমে ইউসেবিওকে পেছনে ফেলে বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়েন সিআর সেভেন। ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ব্রেসের রেকর্ডও গড়েছেন রোনালদো। পেছনে ফেলেন মেসিকে।
৬০ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় পর্তুগাল। কর্নার থেকে জটলার মাঝে শট নেন রোনালদো। সেটি জোয়াও ফেলিক্সের পা হয়ে উজবেক ডিফেন্ডারের গায়ে বাধা পায়। বল আটকাতে গিয়ে উলটো জালে জড়িয়ে দেন দলটির গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভ।
কয়েকবার হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। তবে শেষদিকে পর্তুগালের জয়ের ব্যবধান বাড়ান সুপার সাব রাফায়েল লিয়াও। রোনালদোর পাশাপাশি ম্যাচজুড়েই পর্তুগিজ খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিগত কয়েকদিনের সব বিতর্ক আর সমালোচনার জবাব ভালোভাবেই দিয়েছে রোনালদো ও তার দল।





