বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি, থামবেন কোথায়?

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেন ফুটবল জাদুকর। প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নেয়া মেসি এবার বিশ্বকাপ মঞ্চেও স্পর্শ করলেন নতুন উচ্চতা।

রেকর্ড যেন লিওনেল মেসির আরেক নাম। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে একদিকে যেমন দলকে এগিয়ে নিয়েছেন, অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে গড়েছেন একাধিক রেকর্ড।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ম্যাচের ৩৮ মিনিটে জালের দেখা পেয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে যান মেসি। পেছনে ফেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে বসেছেন তিনি।

আরও পড়ুন:

শুধু সর্বোচ্চ গোলদাতাই নন, টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে গড়েছেন আরেকটি বিরল কীর্তি। ফ্রান্সের জাঁ ফঁতে এবং ব্রাজিলের জর্জিনিওর পাশে জায়গা করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

তবে দিনটি পুরোপুরি সুখকর ছিল না। পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেছেন তিনি। এর আগে দুই পেনাল্টি মিস করে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন ঘানার সাবেক তারকা আসামোয়া জিয়ান। ক্যারিয়ারে এটি মেসির ৩৩তম পেনাল্টি মিস।

এক ম্যাচে আনন্দ আর আক্ষেপ দুইয়েরই সাক্ষী লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত রেকর্ড বইয়ের নতুন পাতায় সবচেয়ে বড় অক্ষরে লেখা হয়েছে একটি নাম লিওনেল আন্দ্রেস মেসি।

এসএইচ