শিরোপা ধরে রাখার মিশন; পুরদমে চলছে আলবিসেলেস্তেদের প্রস্তুতি

আর্জেন্টিনার ফুটবলারদের অনুশীলনের ছবি
আর্জেন্টিনার ফুটবলারদের অনুশীলনের ছবি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শুরুর আর মাত্র ২ দিন বাকি। শিরোপা ধরে রাখার মিশনে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুশীলন করেছে লিওনেল মেসির দল।

রোববার (৭ জুন) টেক্সাসের কলেজ স্টেশনে অনুশীলনে ঘাম ঝরান আর্জেন্টাইন ফুটবলাররা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন কোচ ও খেলোয়াড়রা।

আগামী ৯ জুন আলাবামার অবার্নে প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ৬ জুন আরেক প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে দলটি।

আরও পড়ুন:

অনুশীলনে উপস্থিত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। যদিও গত ২৪ মে থেকে বাম হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির ক্লান্তিতে ভুগছেন ইন্টার মায়ামি তারকা, তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করা হচ্ছে।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শুধু আরেকটি শিরোপা নয়, ইতিহাস গড়ারও সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের সামনে।

১৯৩৮ সালের ইতালি ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার। একই সঙ্গে নিজ মহাদেশের বাইরে অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার নজিরও গড়তে চায় তারা। মেসির নেতৃত্বে বিশ্বকাপ মিশনে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর টিম আর্জেন্টিনা।

এসএইচ