Recent event

কামব্যাকের গল্পে আলকারাজের ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’, জকোভিচের স্বপ্নভঙ্গ

নোভাক জকোভিচ; শিরোপা হাতে কার্লোস আলকারাজ
নোভাক জকোভিচ; শিরোপা হাতে কার্লোস আলকারাজ | ছবি: এখন টিভি
0

ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জেতা হলো না নোভাক জকোভিচের। এতে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা হওয়ার সুযোগও হাতছাড়া হলো তার। ম্যাচে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে সপ্তম গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন কার্লোস আলকারাজ। এরই মধ্য দিয়ে তিনি পূর্ণ করলেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম।

মেলবোর্নের রড লেভার অ্যারেনা। একদিকে টেনিস ইতিহাসের বরপুত্র নোভাক জকোভিচ অন্যদিকে আগামীর সূর্য কার্লোস আলকারাজ। মুখরিত গ্যালারিতে আরেক কিংবদন্তি রাফায়েল নাদালের উপস্থিতি আর কোর্টে টেনিসের দুই মহীরুহের আধিপত্য রক্ষা বনাম নতুন রাজত্ব প্রতিষ্ঠার লড়াই।

তবে সেই লড়াই শেষে জকোভিচের সঙ্গী আরও একবার ২৫টি গ্র্যান্ড স্লাম না ছুঁতে পারার আক্ষেপ। বিপরীতে প্রথম সেট হেরে গিয়েও দুর্দান্ত কামব্যাকে আলকারাজ ভাঙলেন স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড, পূর্ণ করলেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম।

সপ্তম গ্র্যান্ড স্লাম অর্জনের আগে আলকারাজ দু’বার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলনডন ও ফ্রেঞ্চ ওপেন। তবে এবারই প্রথমবারের মতো স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ড স্লাম।

আরও পড়ুন:

৬-২ গেমে প্রথম সেট জিতে সার্বিয়ান তারকা যখন হুঙ্কার ছাড়লেন, মনে হচ্ছিল মেলবোর্ন পার্ক হয়তো আবারও পুরোনো রাজার দখলেই থাকছে। কিন্তু রক্ষন আর আক্রমণের এক অদ্ভুত রসায়নে দ্বিতীয় সেটেই আলকারাজের পাল্টা আঘাত! ৬-২ ব্যবধানে সেট জিতে আলকারাজ যেন জানান দিচ্ছিলেন রড লেভার অ্যারেনায় তিনি ইতিহাস গড়তে চলেছেন।

তৃতীয় সেটের প্রায় পুরোটা জুরেই চলেছে জকোভিচের নিখুঁত ব্যাকহ্যান্ড বনাম আলকারাজের বিধ্বংসী ফোরহ্যান্ডের শৈল্পিক প্রদর্শনী। ৬-৩ গেমে সেট জিতে আলকারাজ যখন লিড নিলেন, গ্যালারি তখন উন্মাতাল।

চতুর্থ সেটে জকোভিচ লড়লেন শেষ রক্তবিন্দু দিয়ে। কিন্তু আলকারাজের তারুণ্যের তেজ আর ক্ষিপ্রতার সামনে হার মানল অভিজ্ঞতা। স্কোরলাইন যখন ৭-৫, তখন টেনিস বিশ্ব স্বাক্ষী হলো এক মাহেন্দ্রক্ষণের।

২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটের সংখ্যাগুলো যেন কেবল স্কোরলাইন নয় বরং সমৃদ্ধ যুগের অবসান আর নতুন রাজত্বের সূচনা। জকোভিচের মতো হিমালয়সম প্রতিপক্ষকে হারিয়ে কার্লোস আলকারাজ প্রমাণ করলেন, টেনিস কোর্টের আগামী দিনগুলো এখন শাসিত হবে তার ব্যাটেই। মেলবোর্নের নীল কোর্টে গ্র্যান্ড উঁচিয়ে ধরে সেই ইঙ্গিতটাই যেন দিয়ে গেলেন আলকারাজ।

এসএইচ