বিশ্বকাপের সেমিফাইনালে আজ মাঠে নামছে ফ্রান্স ও স্পেন। তবে এই ম্যাচ শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, বিশ্বের সবচেয়ে দামি দুই স্কোয়াডেরও মহারণ। ট্রান্সফারমার্কেটের তথ্য বলছে, দুই দলের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার ১২৫ কোটি টাকা।
ফ্রান্সের স্কোয়াডের মূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আর স্পেনের ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই থাকছেন এই সেমিফাইনালে। শুধু নরওয়ের আর্লিং হালান্ড নেই এই তালিকায়।
বাজারমূল্যের দিক থেকে সবার ওপরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মূল্য ২৩৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার বাজারমূল্য ২১১ মিলিয়ন ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রির মূল্য ১৭৬ মিলিয়ন ডলার করে।
আরও পড়ুন:
দুই দলের শক্তির জায়গাও আলাদা। আক্রমণভাগে স্পষ্ট এগিয়ে ফ্রান্স। তাদের ফরোয়ার্ডদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭৮ মিলিয়ন ডলার। অন্যদিকে মিডফিল্ডে আধিপত্য স্পেনের, যেখানে তাদের মিডফিল্ডের মূল্য প্রায় ৪৯১ মিলিয়ন ডলার।
গোলরক্ষকদের ক্ষেত্রেও সামান্য এগিয়ে স্পেন। তবে রক্ষণভাগে পাল্লা ভারী ফ্রান্সের। ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য স্পেনের চেয়ে অনেক বেশি।
সব মিলিয়ে দুই দলে রয়েছেন ১১৭ মিলিয়ন ডলার বা তার বেশি বাজারমূল্যের সাতজন তারকা ফুটবলার। তাই ডালাসের এই সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং বিশ্ব ফুটবলের তারকা শক্তি আর আর্থিক সামর্থ্যেরও এক মহারণ।




