বাম পায়ের জাদুতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপে খেলবেন কি না, সেটা নিয়েই ছিলো শঙ্কা। তবে গুঞ্জন উড়িয়ে লিওনেল মেসি খেলতে নামলেন বিশ্বকাপে। আর প্রথম দিনেই বুঝিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যায়নি বাম পায়ের জাদু। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। বিশ্বকে যেন আবারও জানান দিলেন তিনিই রেকর্ডের বরপুত্র।

কানসাস সিটি স্টেডিয়ামে শুরুর একাদশে নাম ওঠার পরপরই লিওনেল মেসির সঙ্গে রেকর্ডের যাত্রা শুরু। ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির সঙ্গে টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে টানা ২৪তম ম্যাচ এদিন খেলতে নেমেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ছিল ২০০তম ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসির পা থেকে এরপর দেখা মিললো একের পর এক রেকর্ডের।

২০০৬ সালের ১৭ জুন বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। ২০ বছর পর একইদিনে মেসি আবারও স্কোরশিটে তুললেন নাম। ম্যাচের ১৭তম মিনিটে ক্যারিয়ারের ১১৮তম গোল করলেন মেসি। যেটি বিশ্বকাপে তার ১৪তম গোল। জার্ড মুলার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তখন তিনি।

আরও পড়ুন:

রেকর্ডের বরপুত্র নিজেকে চেনালেন ম্যাচের ৬০ মিনিটে এসে। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে রজার মিলাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোলের মালিক হয়েছেন। আর হ্যাট্রিক গোল করে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

সেই সঙ্গে বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল, বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সের হ্যাট্রিকের রেকর্ডও হয়েছে তার। ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ ভক্তদের কাছ থেকেও পেয়েছেন সম্মান। রেকর্ডের বরপুত্র মেসি আবারও জানান দিলেন, এই গ্রহে ফুটবল নামের খেলায় রাজত্ব এখনো কেবলই আর্জেন্টিনার রোসারিও থেকে উঠে আসা মহানায়কের।

এফএস