Recent event

মোহামেডানে নির্বাচনি আমেজ; মনোনয়ন গ্রহণের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ

মোহামেডানে ক্লাব ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা
মোহামেডানে ক্লাব ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবে বইছে নির্বাচনি হাওয়া। সামনেই মোহামেডানের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি ) থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি। চলবে আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত। সভাপতি পদের জন্য একটি ও ১৬টি পরিচালক পদের জন্য সমসংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এখন পর্যন্ত। নির্বাচন কমিশন আশা করছে, শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা বাড়বে।

ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের আঙিনায় রঙিন ফুলের সঙ্গে সংগঠকদের আনাগোনা। আড্ডা আর আলোচনায় মুখর ক্লাবপাড়া। সবার জমায়েতের কারণও আছে। নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন বলেন, ‘যারা পরিচালক নির্বাচিত হবেন তাদের মধ্য থেকেই বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। ১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি গঠন করা হবে। আর আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন:

ক্লাবের আইন অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই ও বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার আনোয়ারুল হক বলেন, ‘ফরম জমা দেয়ার পর যাচাই-বাছাই শেষে, ফাইনাল রিপোর্ট প্রকাশ করবো।’

দেশের অন্যতম সফল ক্লাব ঢাকা মোহামেডান। কিন্তু এখনও নেই সুনির্দিষ্ট কোনো কাঠামো। নিজস্ব মাঠ না থাকা থেকে শুরু করে ফুটবলারদের বেতন দিতে না পারাসহ নানা সমস্যায় জর্জরিত ক্লাবটি। নির্বাচনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে— এমনটাই চাওয়া ক্লাব সংশ্লিষ্টদের।

জেআর