Recent event

দলীয় শৃঙ্খলা ভঙ্গে টাঙ্গাইলে বিএনপিতে বহিষ্কারের হিড়িক!

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ না করা ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় ও জেলার সাধারণ সম্পাদকসহ জেলার অন্তত পদধারী শীর্ষ ৫০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের মনোনয়ন দেয়ার পর থেকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নেয়া নেতাদের বহিষ্কার করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১ (মধপুর-ধনবাড়ী) আসনে দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিদ্রোহী প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালকে বহিষ্কার করেছেন।

গত ২৬ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আবদুল হালিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:

এর আগে ১৩ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়।

গত ২৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাদীউজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাদেক ও টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমকে, ২৯ জানুয়ারি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইল শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল হক সেলিমকে, ৩১ জানুয়ারি শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে জেলার ১২টি উপজেলার অন্তত ৫০ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ ছিলো, তাদের কেন্দ্র ও জেলা থেকে বহিষ্কার করা হয়েছে।’

এসএস