Recent event

নিরঙ্কুশ জয়ের পর আনন্দমিছিল নয়, দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি

দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি
দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। পাশাপাশি দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভূমিধস জয়ের পরও কোনো আনন্দমিছিল ও সভা না করার ঘোষণা দেয় বিএনপি। দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয় এই জয়ে মসজিদ ও উপাসনালয়ে প্রার্থনায় অংশ নেয়ার। এরই অংশ হিসেবে জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করে দলটি। রাজধানীর নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে নিরঙ্কুশ জয় পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।

চট্টগ্রামেও বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করে বিএনপি। জুমার নামাজের পর নগরীর মসজিদে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দলের নির্বাচিত এমপিসহ নেতাকর্মীরা অংশ নেন। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের বীর শহিদ এবং চব্বিশের অভ্যুত্থানের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন:

চট্টগ্রাম-৯ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘ভোটাররা এ নগরে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন চায়, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করবো।’

এছাড়া দিনাজপুর, ফেনী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্তে দোয়া মাহফিল হয়েছে। একইসঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এএম