নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক | ছবি: সংগৃহীত
0

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের কর্মসূচির ফাঁকে তাদের এ বৈঠক হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই নেতার একটি ছবি প্রকাশ করে বৈঠকের কথা জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সাধারণ পরিষদের চলমান অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লাভরভ ও খলিলুর রহমান। পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের কেন্দ্রীয় মঞ্চ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বের ওপর জোর দেন তারা।

জাতিসংঘের কাঠামোর মধ্যে রাজনৈতিক পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানজনক সংলাপ পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপরও দুই পক্ষ গুরুত্ব দেয় বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে তাস।

প্রায় তিন মাস আগে খলিলুর রহমানের মস্কো সফরের পর লাভরভের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। গত ৮ জুন মস্কো সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ওই সফরে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন তারা।

জুনের ওই সফরের পর ঢাকায় রুশ দূতাবাসের প্রকাশিত এক সারসংক্ষেপে বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে নতুন অর্থ পরিশোধের চ্যানেল ও আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে বাংলাদেশ ও রাশিয়া। ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে রাশিয়ার সহযোগিতা চান খলিলুর রহমান।

ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দেয়ার আগ্রহের কথা বাংলাদেশ জানিয়েছিল বলে দূতাবাসের ওই সারসংক্ষেপে উল্লেখ করা হয়।

উন্নত প্রযুক্তিতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে স্বাস্থ্যসেবা ও কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সম্ভাব্য সহযোগিতার বিষয় ছিল। মস্কো সফরে পারমাণবিক জ্বালানি খাতও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং পারমাণবিক জ্বালানি খাতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার জন্য রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান।

এএইচ