এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। গত ৯ আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জুলাই ও আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অনেক কারখানাই উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারেনি।
চিঠিতে আরও বলা হয়, উৎপাদন সচল রাখতে অনেক শিল্পপ্রতিষ্ঠানকে ডিজেল, এলপিজি ও অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করতে হয়েছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় শিল্পপ্রতিষ্ঠানগুলো অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়েছে।
বিকেএমইএর মতে, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কারখানার পক্ষে জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে। এ কারণে বিল পরিশোধে ১২ মাসের কিস্তি সুবিধা দেওয়া হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন কার্যক্রম সচল রাখতে সক্ষম হবে।
সংগঠনটি আশা প্রকাশ করে বলেছে, সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির ধারাবাহিকতাও বজায় থাকবে।—বাসস





