বিএনপি ফ্যাসিবাদের সময়ের নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি : সংগৃহীত
0

ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি— এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে ‘জান দিব জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা। এ সময় গণআকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেয়া হবে না, বলে হুঁশিয়ারি দেন ১১ দলের শীর্ষ নেতারা।

শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্টরা যেভাবে বিরোধী মত দমনের চেষ্টা করত ঠিক সেভাবেই নতুন করে শুরু করেছে বিএনপি।’ অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয় দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার।

তিনি বলেন, ‘নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেয়ার কথা ছিলো। আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বলবো। জনগণ তো ‘হ্যাঁ’ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এ অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য। আরেকটা ছিলো জনগণের ভোটকে সম্মান না দেখানো।’

আরও পড়ুন:

এ সময় নেতারা অভিযোগ করে জানান, পুরনো ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায় সরকার। বলেন, ‘জাতীর সঙ্গে বেইমানি করেছে বিএনপি। জাতীর আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।’

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি।’

তিনি অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় প্রশাসনের লোকদের জায়গায় সরাসরি নিজেদের লোক বসাচ্ছে সরকার। যা বিরোধীদল মানবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করে বলেও মন্তব্য করেন ১১ দলের শীর্ষ নেতারা।

এফএস