মধ্যপ্রাচ্য যুদ্ধ: ইরান থেকে দেশের পথে ১৮৬ বাংলাদেশি

বাকু থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি
বাকু থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে বাকু থেকে রওনা দিয়েছেন। আজ (শুক্রবার, ২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রত্যাবাসনকারীরা ইরান থেকে স্থলপথে আজারবাইজানের সীমান্ত পার হয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান। সেখান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে তারা ঢাকার পথে রয়েছেন।

বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরান, আংকারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমানের সহায়তায় এ জরুরি প্রত্যাবাসন উদ্যোগটি সম্পন্ন করা হয়েছে।

এ প্রত্যাবাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজানের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।

এএম