গণভোট ও সংবিধান সংস্কার: বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের তাগিদ জাতিসংঘের

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের রায় বাস্তবায়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সব পক্ষকে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে জাতিসংঘ। বুধবার (১৮ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘গণভোটের বিষয়ে আমাদের প্রত্যাশা হলো, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষ এই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।’

জাতিসংঘের এই বার্তার আগে গত (রোববার, মার্চ ১৫) জাতীয় সংসদে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, যথাযথ আইনি ও সংসদীয় প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার পরিষদ গঠন বা শপথ সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমানে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। গণভোটের রায় কার্যকর করতে হলে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।’

বিরোধী দলগুলোর আন্দোলনের হুমকির মুখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন বার্তার পর সংবিধান সংস্কার ও গণভোটের এই ইস্যুটি এখন দেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এএম