সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা জারি

মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ | ছবি: এখন টিভি
0

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনসহ সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে—

  • দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
  • বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
  • অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
  • এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
  • অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
  • অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
  • বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
  • অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
  • যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
  • গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
  • জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।


উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি সকল জেলা প্রশাসক, সিনিয়র সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা অনুযায়ী কাজ করতে বলা হয়েছে।

এনএইচ