Recent event

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা: প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

সাতক্ষীরায় সড়ক অবরোধ কর্মসূচি
সাতক্ষীরায় সড়ক অবরোধ কর্মসূচি | ছবি: এখন টিভি
0

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ (বুধবার, ১৬ই জুলাই) বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ১৫ মিনিট পর পরের দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে তারা সড়ক থেকে সরে যান।

এসময় সমাবেশে ছাত্ররা ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক মোহাম্মদ আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম,সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ।

বক্তারা জানিয়েছেন, প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।

এসময় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ইএ