আজ (সোমবার, ২৪ আগস্ট) বেলা পৌনে ১১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলার রায় পড়া শুরু হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম জানান, তিনি নুসরাতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পরিবারের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।
নুসরাত হত্যা মামলার বাদী ও তার বড় ভাই মাহমুদ হাসান নোমান বলেন, ‘উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে একটি মহল তাদের হেয়প্রতিপন্ন করছে। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া হচ্ছে। এর মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির সাজা বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
২০১৯ সালের ৬ এপ্রিল শ্লীলতাহানির প্রতিবাদ করায় সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদরাসার ছাদে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থেকে ৯ এপ্রিল মারা যান তিনি।
ওই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে আসামিপক্ষ ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।





