মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে লেক টাউনশিপের একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে স্টেট ট্রুপাররা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন চ্যাড হিকম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। অভিযানের সময় মিসাউকি কাউন্টির আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে ক্যালডওয়েল টাউনশিপের হুইটলক লেকসংলগ্ন বনাঞ্চলে হিকম্যানের গাড়ি শনাক্ত হয়।
পুলিশ ওই বনাঞ্চলে তল্লাশি চালিয়ে চ্যাড হিকম্যান এবং আরও একজনের মরদেহ উদ্ধার করে। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে, যার মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন।
মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছি এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জনসাধারণকে জানানো হবে।’
কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। হামলার পেছনের উদ্দেশ্য কী ছিল এবং নিহতদের সঙ্গে সন্দেহভাজনের কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





