কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্য-জার্মানিতে রেল দুর্ঘটনা, নিহত ১

ট্রেন দুর্ঘটনা
ট্রেন দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্য ও জার্মানিতে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে লন্ডনে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও; লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। অন্যদিকে জার্মানির মিউনিখে মালবাহী ট্রেন দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

হঠাৎ বোমা বিস্ফোরণের মতো শব্দে দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে দুটি ট্রেন। চারদিকে শুধু ধোঁয়া উড়ছিল। একেকটি বগি থেকে ভেসে আসছিলো আহাজারির শব্দ। কারো সারা শরীর রক্তাক্ত, কেউ কেউ লুটিয়ে ছিলেন হাত-পা ভাঙা অবস্থায়। সাহায্য চাইবার মতো শক্তিটুকুও ছিলোনা অনেকের।

ভয়াবহ দুর্ঘটনাটি লন্ডনের প্রায় ৬০ কিলোমিটার উত্তরের বেডফোর্ড এলাকার। দুর্ঘটনা মুহূর্তের বর্ণনাগুলো দিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৯ জুন) বিকেল সোয়া ৫টার সময় লন্ডন সেন্ট প্যানক্রাসের দিকে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়েতে দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, দুটি ট্রেনের সংঘর্ষে একটি ট্রেন চালক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০ আরোহী। এরমধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২২ জনের অবস্থা গুরুতর। নিহতের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার।

দুর্ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্রেনের এসব বগি সরানো সম্ভব হয়নি। এমনকি কী কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলো তাও জানা যায়নি। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এমনকি বেডফোর্ডের দুর্ঘটনাস্থলটি এড়িয়ে চলতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে জার্মানির মিউনিখে একটি মালবাহী ট্রেন সেতু থেকে নিচে পড়ে গেছে। এতে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ট্রেনের যে দুটি বগি সেতু থেকে প্রায় ৫ মিটার নিচে পড়েছে, সে দুটিতে কোনো বিপজ্জনক পদার্থ ছিলো না। এমনকি যাত্রী না থাকায় কারও প্রাণহানি ঘটেনি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিনও সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।

জেআর