দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল। সেই থেকে টানা দেড় বছর ন্যায় বিচার পাওয়ার আশায় আইন, আদালত, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সেই অভয়ার বাবা-মা। কিন্তু ন্যায় বিচারে মেলেনি।
অবশেষে ন্যায়বিচার পাওয়ার আশা এবং একই সঙ্গে নারী সুরক্ষা নিশ্চিত করতে সেই অভয়ার মা এখন নির্বাচনের প্রার্থী। নিজের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে লড়াই করবেন রত্না দেবনাথ। প্রার্থী পদ নিয়ে তিনি জানান, এটাও একটা জয়, পানিহাটিবাসীর জন্য জয়। এ নির্বাচনে পানিহাটির মানুষ জিতবে।
রত্নার বলেন, ‘মানুষের কাছে আমি বলতে চাই যে, আমার কিছু পাবার নেই, কিন্তু দেয়ার অনেক কিছু আছে। আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আপনারা জিতলে পানিহাটির অবস্থাটাই পাল্টে যাবে।’
অনেকেই বলছেন এ রত্না দেবনাথকে প্রার্থী করে মমতার দলের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলেছে বিজেপি। মেয়ের নৃশংস মৃত্যুর ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছিলেন অভয়ার বাবা-মা। এমনকি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির পদত্যাগও দাবি করেছিলেন তিনি।
আন্দোলনের ঢেউ এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে বিরোধীদল এবং প্রতিবাদী সাধারণ মানুষ- সকলের মুখেই ছিল একটিই স্লোগান- ‘দফা এক, দাবি এক; মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সেই নির্যাতিতার মাকে প্রার্থী করে কি সরাসরি মমতাকেই চ্যালেঞ্জ জানালো বিজেপি?
স্থানীয় পানিহাটি কেন্দ্রের বাসিন্দা কৌশিক ঘোষ জানান, অভয়ার মাকে প্রার্থী করাটা বিজেপির জন্য অবশ্যই বাড়তি সুবিধা। তবে মমতা ব্যানার্জি বা তার দল ভয় পেয়েছে, এ বিষয়ে আমি একমত নই। কারণ তিনি উদ্যম ঝড়ে লড়তে লড়তে আজকে এখানে এসে পৌঁছেছেন। মমতা ব্যানার্জি ভয় পাওয়ার মানুষ নয়।
একজন নারী মুখ্যমন্ত্রীর শাসনামলে রাজ্যের নারীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক নারী প্রার্থী রত্না দেবনাথও। তার অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষাসহ মানুষের মৌলিক অধিকার এ রাজ্যের সরকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই আমাদের নারী মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা কেন রাতে বাইরে বেরোবে? আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মেয়েদের হয়ে সরব হতে চাই। আমি নারীদের সুরক্ষা দিতে চাই।’
তবে কেবল পানিহাটিই নয়, মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুরে দলের প্রার্থী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারণার কথা ভাবছে বিজেপি। পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারণায় দেখা যেতে পারে রত্ন দেবনাথকে।
সেক্ষেত্রে অভয়ার মা'কে দিয়েই সরাসরি মমতাকে চ্যালেঞ্জ জানাতে চায় গেরুয়া শিবির। রাজ্যের তৃণমূলের ভোটারের একটা বড় অংশ নারী। আর সেই নারীদের মন জয় করতে রত্নাদেবীই ভরসা বিজেপির।
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি দিদিকে বলেছি পানিহাটিতে সময় দেওয়ার পরে যদি একদিন বা দুদিন সময় থাকে তবে ভবানীপুরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী এবং তৃণমূলের ঘোষিত প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনার যা অভিযোগ সেটা তুলে ধরতে।’
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ দফার ভোটে এ পানিহাটি কেন্দ্রে নির্বাচন। এ কেন্দ্রেই তার প্রধান প্রতিপক্ষ ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে বামেদের প্রার্থী কলতান দাশগুপ্ত। ভোট গণনা ৪ মে।





