চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রাজধানী কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। দিনের বেলায়ও নিয়মিত হামলা চালানো হচ্ছে।
আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক দফা বিমান হামলার সতর্কসংকেতও বাজানো হয়। কিয়েভের হলোসিভস্কি জেলায় রুশ হামলায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হামলার একটি এলাকায় আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো বলেন, রাতভর ওই অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় গুদামগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ছাড়া ওদেসায় তিনজন এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া ও খেরসনে তিনজন করে আহত হয়েছেন।
খেরসন শহর প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শানকো বলেন, দিনের বেলায় মানুষ যখন নিজেদের স্বাভাবিক কাজে ব্যস্ত ছিল, তখন রুশ বাহিনী বেসামরিক পরিবহনব্যবস্থায় হামলা চালিয়েছে।
এদিকে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের মিত্রদের আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।





