গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

হামলার পর ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের তৎপরতা
হামলার পর ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের তৎপরতা | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতার ঘোষণার একদিন পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সর্বশেষ মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি বাড়ির আঙিনায় ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হন।

এর আগে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক মানুষের একটি জটলায় আরেকটি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই ফিলিস্তিনি নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এই হামলার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতার ঘোষণা দেয়।

বোর্ড অব পিস জানায়, হামাস একটি বিস্তারিত রোডম্যাপে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ২২২ ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৫৩ জন আহত হয়েছেন।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

এএম