ইরানে মার্কিন হামলা সমঝোতার লঙ্ঘন: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ | ছবি: সংগৃহীত
0

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলাকে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল (মঙ্গলবার, ১৩ জুলাই) মস্কোতে চাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সামরিক পদক্ষেপ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংকট সমাধানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ল্যাভরভ বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, এই হামলা কোনো সমাধান আনবে না। সমঝোতার মাধ্যমে যে সম্ভাবনার দুয়ার খুলেছিল, তা এই হামলার মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক কারণ এতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসন ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল।

ইউক্রেন ইস্যু নিয়ে ল্যাভরভ অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বিদ্যমান সমঝোতাগুলো ভন্ডুল করার চেষ্টা করছে। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে আলাস্কা সম্মেলনে হওয়া চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও ইউরোপ ও ইউক্রেন তা নস্যাৎ করতে চাইছে। তিনি বলেন, ‘ট্রাম্প এখনো আলাস্কা চুক্তির কার্যকারিতা নিয়ে কথা বলছেন, কিন্তু ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ জনসমক্ষে ঘোষণা দিয়েছে যে এই চুক্তি মৃত।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে আফ্রিকা মহাদেশে রাশিয়ার সহযোগিতা বাধাগ্রস্ত করারও অভিযোগ আনেন। তিনি বলেন, পশ্চিমারা চায় না আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক থাকুক; তারা সেখানে আগের মতো ঔপনিবেশিক আধিপত্য পুনরুদ্ধার করতে চায়। ২০২২ সালে ইউরোপীয় বন্দরে আটকে পড়া ২ লাখ টন রুশ গম আফ্রিকার দেশগুলোকে বিনামূল্যে দিতে চাইলেও ইইউ তাতে বাধা দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

কৃষ্ণসাগর ও আজভ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ল্যাভরভ বলেন, ইউক্রেন সেখানে ‘সন্ত্রাসবাদ’ চালাচ্ছে। তিনি বলেন, ‘এটি আর জলদস্যুতা নয়। জলদস্যুরা অন্তত কিছু লুটে নেয়, কিন্তু ইউক্রেন কেবল ক্ষতি করা এবং আতঙ্ক ছড়ানোর জন্যই হামলা চালাচ্ছে। এটি সরাসরি সন্ত্রাসবাদ।’

তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে তিনি জানান, তুরস্কের জাহাজ ও গ্যাস পাইপলাইনেও ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা থাকলেও আফ্রিকার দেশগুলোতে বাণিজ্যিক ও মানবিক সহায়তা হিসেবে খাদ্য সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এএম