গাজা পুনর্গঠন নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর আলোচনা

ধ্বংসস্তূপের পাশ দিয়ে ত্রাণবাহী ট্রাকের বহর এগিয়ে চলেছে গাজায়
ধ্বংসস্তূপের পাশ দিয়ে ত্রাণবাহী ট্রাকের বহর এগিয়ে চলেছে গাজায় | ছবি: সংগৃহীত
0

গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) ও অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল ‘বোর্ড অব পিস’-এর প্রতিনিধিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই পক্ষ একটি অংশীদারত্বের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার সম্ভাবনা খতিয়ে দেখছে।

আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ‘বোর্ড অব পিস’ নামে এই বিশেষ দল গঠন করেন। গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং সেখানকার ভঙ্গুর অবকাঠামো নতুন করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে দুবাই সরকারের মালিকানাধীন এই বিশ্বখ্যাত লজিস্টিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলো।

ডিপি ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বের অন্যতম বড় বন্দর ও লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। গাজায় আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সুশৃঙ্খল করতে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ট্রাম্প প্রশাসন। তবে এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এএম