লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি। যা মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে বিনিয়োগকারীদের নতুন আশা জাগিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সপ্তাহের শেষের দিকে পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র। দু-পক্ষ এখন একটি চুক্তির খুব কাছাকাছি।
আর এই খবরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার লেনদেনের শুরুতেই উল্লেখযোগ্য হারে তেলের দাম কমেছে। অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৮ দশমিক ৫ ডলারে নেমেছে। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের বাজারও, সেখানে প্রতি ব্যারেল তেলের দাম এখন ৯৪ ডলারের নিচে।
আরও পড়ুন:
ইরানের সঙ্গে যুদ্ধের জেরে গত সাত সপ্তাহ ধরে হরমুজ প্রণালী বন্ধ। যে কারণে মার্চ মাসে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ বেড়েছিলো। তবে ট্রাম্পের নতুন ঘোষণার পর, হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
রয়টার্স বলছে, রাতারাতি কোনো বড় শান্তি চুক্তি হয়তো হচ্ছে না। এর বদলে নতুন করে সংঘাত এড়াতে একটি অস্থায়ী সমঝোতা স্মারক সই করতে পারে ওয়াশিংটন ও তেহরান।
এদিকে সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী থাকার পর শুক্রবার সকালে এশিয়ার প্রধান বাজারগুলো কিছুটা নিম্নমুখী হয়। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৮ শতাংশ কমেছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি ০.৩% হ্রাস পেয়েছে।





