আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে আলোচনায়। খলিলুর রহমান তুরস্কে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ ও বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন:
এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানে চলমান আগ্রাসন বন্ধ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে তুরস্কের সমর্থন চাওয়া হয়েছে।
বৈঠক শেষে দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানা গেছে, আঙ্কারার সফর শেষে সরকারি সফরে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।





