বিকেল গড়াতেই বাংলামটর, কারওয়ান বাজার, আগারগাঁও, শাহবাগ, কাঁঠালবাগান ও পান্থপথসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এ বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি ও শীতলতা ফিরিয়ে এনেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বৃষ্টি নামার আনন্দ প্রকাশ করেছেন।
এর আগে, আবহাওয়া অফিসের পক্ষ থেকেও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। রোববার সকালে দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, প্রচণ্ড গরমের পর এ স্বস্তির বৃষ্টির মধ্যেই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। শেষ মুহূর্তে ট্রেনের ছাদে চড়েও অনেককে ভিজতে ভিজতে ঢাকা ছাড়তে দেখা গেছে।





