ভাই ইউসুফ আলীকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ছোটভাই মাসুদ। কথা ছিলো দ্রুতই বিয়ার পিড়িতে বসবেন বড় ভাই। তবে দুর্বৃত্তের গুলিতে তার এমন চলে যাওয়া কোনভাবেই মানতে পারছেন পরিবারের সদস্যরা।
নিহতের ভাই মাসুদ বলেন, ‘কারা কীভাবে এ কাজ করেছে আমরা জানি না। প্রকাশ্যে এমন কাজ এখনো কীভাবে করা হয়? প্রকাশ্যে তিনজনকে গুলি করা হয়েছে। এই সংখ্যা আরও হতে পারে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমি।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশেই আড্ডা দিচ্ছিলেন ইউসুফ ও স্থানীয় যুবদলের নেতাকর্মী। পরে ৪ থেকে ৫ জন ব্যক্তির সন্দেহ জনক হাঁটাচলা দেখে ডাক দিলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
এরমধ্যে গুলি লাগা ইউসুফকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন ও সবজি ব্যবসায়ী নালাম সরদার নামে আরও দুইজন গুলিবিদ্ধ হন।
তাদের স্বজনরা জানান, যেখানে গুলি চালানো হয় তার পাশেই তারা কাজ করছিলেন। এ সময় ভুক্তভোগীর গুলি লাগে।
এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় কে বা কারা জড়িত এনিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ কিছু না জানালেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে কাফরুল থানা পুলিশ।




