ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত নাছির ফতুল্লার চানমারী এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের একটি ডিশ ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুরে চানমারী এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. ইরফান হোসেন বলেন, ‘তাকে যখন আনা হয়েছে পুরো রক্তাক্ত অবস্থায় ছিলো। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি।’

এদিকে নিহতের স্ত্রী দাবী করে নছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডিশ ব্যবসা নিয়ে দীর্ঘদিন তার সঙ্গে বিরোধ চলে আসছিল স্থানীয় বাসিন্দা ফারদিনের। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আসামিকে শনাক্তের চেষ্টা চলছে।’

এসএস