ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩

ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস
ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন এবং অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ির মোড়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাওয়ার সময় ঠাকুরবাড়ির মোড়ে অটোরিকশাতে সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—পিবিআইকে খবর দেয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

অন্যদিকে, একই এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় মারিয়া বেগম (২৫) নামে এক নারী নিহত হন। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ