কক্সবাজারে নৌকাডুবির একদিন পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার
নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার, ২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সবশেষ পয়েন্ট নাজিরারটেক সংলগ্ন সমিতিপাড়ার ১১ নম্বর গলির সমুদ্রপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি পরিবারের চার সদস্য স্থানীয়ভাবে তৈরি একটি জোড়া নৌকায় করে সাগরে ভ্রমণে বের হন। ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে চারজনই পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও আলবার্ট নিখোঁজ ছিলেন।

বিচ কর্মী সুপারভাইজার মাহাবুব আলম জানান, বুধবার বিকেলে সমিতিপাড়া সৈকতে মরদেহ ভেসে আসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন:

এর আগে গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩) নামে তিনজনকে স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেন। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।

নিখোঁজ আলবার্টকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। নৌকাডুবির প্রায় ২৪ ঘণ্টা পর সমিতিপাড়া সৈকতসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি বেশ কিছুদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিল। মঙ্গলবার সকালে তারা স্থানীয়ভাবে তৈরি একটি নৌকায় করে সাগরে ঘুরতে বের হন। নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এসএস