যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

স্বর্ণের বারসহ আটক ১ ব্যক্তি
স্বর্ণের বারসহ আটক ১ ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম রিপন মৃধা (২৫)। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএইচ