দিনাজপুর সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

পতাকা উত্তোলনের মুহূর্তে বিজিবির কর্মকর্তারা
পতাকা উত্তোলনের মুহূর্তে বিজিবির কর্মকর্তারা | ছবি: এখন টিভি
0

সীমান্ত সুরক্ষা জোরদার এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দিনাজপুরের বিরল উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এসময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিওপিটির কার্যক্রম শুরু হয়। পরে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রতিকূল পরিবেশেও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোনো দুষ্কৃতিকারী অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেলের পাচার রোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবি সূত্র জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নতুন এই ‘মৌচোষা’ বিওপি স্থাপন করা হয়েছে।

এ বিওপি চালুর ফলে ৪২ বিজিবির অধীন প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে এবং সীমান্তে আস্থার পরিবেশ সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এসএইচ