নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





