Recent event

মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থাপনা দেখতে গাজীপুরে তিন বাহিনী প্রধান

নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনে তিন বাহিনী প্রধান
নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনে তিন বাহিনী প্রধান | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুরে পৌঁছান।

সফরকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিন বাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়াও, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিন বাহিনী প্রধান। মাঠ পর্যায়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএইচ