অনেকটা দিন ধরেই ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। ক্রিকেট পরিচালনার পর্যাপ্ত অর্থ নেই বোর্ডে— এমন কথা হরহামেশাই শুনিয়েছিলেন সেখানকার সাবেক ক্রিকেটাররা।
এবার তাতে যেন ভর করলো আরও বড় হতাশা। আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের ২৫ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্টইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, আর্থিকভাবে এবং প্রতিযোগিতামূলক বাজারে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তারই পালটা এক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও ক্রিস ডেরিংয়ের ভাষ্য— ‘পরিস্থিতি আদর্শ না হলেও আর্থিক সাম্যবস্থার জন্য এটাই করতে হতো।’
আরও পড়ুন:
অবশ্য দুর্দশার শেষ এখানেই না। আর্থিক সংকটের মুখে দু’টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও বাতিল করা হয়েছে। ছেলেদের সুপার-৫০ টুর্নামেন্ট এবং নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি ব্লেজও বাতিল করা হয়েছে ব্যয় সংকোচনের উদ্দেশে।
নতুন এই ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ এক বছর থেকে ৭ মাসে নামিয়ে আনা হচ্ছে।
এসব সিদ্ধান্ত ক্রিকেটারদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তবে এমন সিদ্ধান্তের পর ক্যারিবিয়ানরা আর বোর্ডের অধীনে খেলতে চাইবেন কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বৈশ্বিক ফ্যাঞ্চাইজির কারণে বিগত বছরগুলোতে অনেকেই বিদায় বলেছেন উইন্ডিজ ক্রিকেটকে। এবার সেই সংখ্যা বাড়বে বলেই শঙ্কা ক্রিকেট দুনিয়ায়।





